বাংলাধারা বিনোদন»
সঙ্গীত অঙ্গনের পরিচিত মুখ শেখ মহসীন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। বছরের শুরুতে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই গায়ক।
‘আড়াল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন মনি, নিলয়, তানহা ও মেহেরুল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সম্রাট শাহ্।
জানা গেছে, আসছে ১১ জানুয়ারি অগ্নিবীণা নিবেদিত ‘আড়াল’ মিউজিক ভিডিওটি অডিও-ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
মহসীন বলেন, ‘আমি কখনোই তড়িগড়ি করে কিছু করতে পছন্দ করিনা। সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের গানটি আধুনিক ফোক। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
এর আগে ‘ময়না’ শিরোনামের গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে গান পাগল শ্রোতা-দর্শকের মাঝে। আর তার ধারাবাহিকতায় নিজের নতুন এই গানটি করেছেন মহসীন। সম্ভাবণাময় সংগীতশিল্পী শেখ মহসীন দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে নিজের প্রতিভার বিকিরণ ছড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।
এফএস












