আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় বটতলী ও ঝিওরী মৌজায় সাত’শ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জায়গায় নির্মাণ করা হবে আশ্রয়ন প্রকল্পের ১৫০ ঘর।
এতদিন পাহাড়ী জায়গাগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। অনেকে এসব খাস জমি ভূমিহীনদের নিকট চড়ামূল্যে বিক্রিও করেছেন। যেখানে অনেক পরিবার বাড়িঘর করে গাছপালাও রোপন করেছেন। উদ্ধারকৃত জায়গায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করার উদ্যোগ নিলে সেখানে অনেকে কবরস্থান ও ঈদগাহ’র নাম দিয়ে দখলে রাখার চেষ্টা চালায়। রাতারাতি একটি ঈদগাহও তৈরি করে ফেলেন তারা। রাতের আঁধারে বাঁশ দিয়ে ঘিরে রাখেন।
রোববার বিকালে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব খাস জমি উদ্ধার করা হয়। তবে একপাশে অবস্থিত এলাকার খেলার মাঠটি অক্ষত রাখার ঘোষণা দেন তিনি। সেইসাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে খেলার মাঠটি ভরাট করে দেয়ার কথাও বলেন ইউএনও।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলসহ উপজেলা পরিষদ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিরা।
উপজেলা নির্বাহী কমৃকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আনোয়ারায় আরো সাড়ে চারশ ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হবে। এখানের প্রায় সাতশ’ একর খাস ভূমি স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। এখন সরকারি কাজে প্রয়োজন হয়েছে ছেড়ে দিতে হবে। আমরা আজকে এসব খাস ভূমি উদ্ধার করেছি। এখানে ১৫০টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হবে।













