সায়ীদ আলমগীর, কক্সবাজার »
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত চত্বরে মানববন্ধন করছেন নির্যাতিত পরিবারবর্গ।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে টেকনাফের সর্বস্তরের জনগণের ব্যানারে তারা এই মানববন্ধন আয়োজন করে। সেখানে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় তারা ‘খুনি প্রদীপের ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘মেজর সিনহার খুনি প্রদীপের ফাঁসি চাই’, ‘২০০ মানুষ হত্যাকারীর প্রদীপের ফাঁসি চাই’— বলে স্লোগান দিতে থাকেন।

সাংবাদিক ফরিদুল মোস্তাফা বলেন, ‘ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। এছাড়া ওসি প্রদীপ তাকে ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন এবং মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করে।’ ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।
উল্লেখ্য, সোমবাের দুপুরের দিকে মেজর সিনহা হত্যা মামলার রায়ের কার্যক্রম শুরুর কথা রয়েছে।
এ খবরে টেকনাফ থেকে প্রদীপের হাতে নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা প্রদীপের বিচার দেখার সোমবার সকাল থেকে কক্সবাজার আদালত চত্বরে এসে অবস্থান নিয়েছেন।












