স্টাফ করেসপন্ডেন্ট »
মিরসরাইয়ের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার ঘটনার প্রায় ৮দিন পর ঝট খুলতে শুরু করেছে। গত সোমবার (৩১ জানুয়ারি) নিহত কাশেমের স্ত্রীর দায়ের করা মামলায় হত্যার ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশের দেয়া তথ্যনুযায়ী, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার সূত্র ধরে মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০) নামের মোট চারজনকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ ও মীর হোসেন ঘটনার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ফাহাদকে আটকের সময় হামলার ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধারের দাবি করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, আমরা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বেশ কিছু তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। মূলত একটি ছিনতাইয়ের ঘটনা থেকে হামলার ঘটনা ঘটে। ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও আমরা উদ্ধার করেছি। আশা করছি, বুধবার বিকালের মধ্যে বিজ্ঞ আদালতে ঘটনার সাথে যুক্ত ফাহাদ এবং মীর হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দিবে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর গত ৩১ জানুয়ারি (সোমবার) আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।














