বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন। দায়িত্ব বুঝে নিয়েই চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান বিভিন্ন কাজ তদারকি করেছেন ভারপ্রাপ্ত মেয়র।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে পূর্ব নাসিরাবাদ সানমারের সামনে চলমান চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সংস্কার কাজ তদারকি করেন তিনি। এসময় তিনি নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য দায়িত্বশীলদের নির্দেশনা দেন।
ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘নগরীর ভাঙ্গা সড়কগুলো সংস্কার কাজ চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই নগরবাসীকে মসৃণ সড়ক উপহার দিতে পারবো বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘সিটি মেয়র রেজাউল করিমের অনুপস্থিতিতে তার নির্দেশনা মোতাবেক চলমান কাজ গুলো নিয়মিত তদারকি করছি। নাগরিকরা যাতে একটি পরিচ্ছন্ন নগরী পায় সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাব।’
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












