বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাটে আগুনে পুড়ে ৬টি দোকান ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সিরহাট আশ্রম গেইটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত পৌনে ৩টার দিকে মোবাইলে ফোন আসে বলে যে, আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাতে হঠাৎ করে আশ্রম গেইট সংলগ্ন কামারের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রদীপ দাশ, বাবলু দাশ, উজ্জ্বল দাশ, জিসু কর্মকার, সুকন্দ দাশ ও তপন দাশের কামারের দোকান পুড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. আজাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।












