বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাটেল এক্সপো’। নগরীর আউটার স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়। এটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে শত শত মানুষ ক্যাটেল এক্সপোতে প্রবেশ করেন।
উদ্বোধন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘কৃষি মানেই ধান, চাল, ডাল বা সবজি নয়; এর সঙ্গে সংযুক্ত প্রাণিজ ও সামুদ্রিক সম্পদের একটি যোগসূত্র রয়েছে। মানুষের জন্য যা ভোজ্য এবং পুষ্টি জোগানযোগ্য, তাকে লালন-পালন করেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে বড় করতে হবে। যাতে আমরা সেই পুষ্টি ধারণ করে ভালোভাবে বেঁচে থাকতে পারি।’ দেশের শিক্ষিত তরুণরাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে কৃষিনির্ভর অর্থনীতি বিনির্মাণে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি।
ক্যাটেল এক্সপো চট্টগ্রামের সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী ছালেহীনের সভাপতিত্বে ইউনাইটেড ইভেন্টসের নির্বাহী পরিচালক ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, এসিআইর প্রেসিডেন্ট ড. ফা হ আনসারী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল, চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. রায়হান ফারুক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।












