কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক কলেজ ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে ট্যুরিষ্ট পুলিশ। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা।
ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া শাহেদ হোসেন বাপ্পি (১৯) কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসু আলমের ছেলে। তিনি রামু কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। এর দেড় ঘন্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় সেই কলজ ছাত্র।
ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তেচ্ছিপুল গ্রামের কয়েকবন্ধু এক সঙ্গে কক্সবাজার এসে সৈকতে গোসলে নামে। গোসল কালে অকস্মাৎ পানিতে ডুবে যায় শাহেদ। তার বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের সদস্যদের জানালে ততক্ষণাত প্রচেষ্টা চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরো জানান, তাকে অ্যাম্বুলেন্সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ নিয়ে গ্রামে ফিরে যাবার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল কালে স্রোতের টানে ভেসে যায়। একজনকে উদ্ধার হলেও শাহেদ স্রোতে হারিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।












