১৫ নভেম্বর ২০২৬

অধিকার সুরক্ষায় আইন জানল চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে ধারণা পেয়েছে চট্টগ্রামের চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। নিজেদের অধিকার ও আইনগত সুরক্ষার উপায় জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘সবার জন্য আইন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) এলইবির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশের নারীদের আইনি অধিকার, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে আইনের প্রয়োজনীয়তা, অধিকার লঙ্ঘিত হলে করণীয় এবং আইনগত সমস্যায় সহায়তা পাওয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে সেশন স্পিকার ছিলেন এলইবির ডিরেক্টর অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আরফান হোসেন, টিম প্রেস অ্যান্ড মিডিয়ার প্রধান তানভীর মোকাম্মেল ফাহিম এবং চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মাইমুন উদ্দীন মিশকাত।

বক্তারা বলেন, আইনি সচেতনতা শুধু নিজের অধিকার রক্ষার জন্য নয়, অন্যের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি হলে তারা অন্যায়, বৈষম্য ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখতে পারবে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী পাঁচ শিক্ষার্থী ইসমাইল হোসেন রাজু, মাহদি মজুমদার, শহিদুল ইসলাম, মোহাম্মদ নোমান ও সাদিয়া সোলতানা আনিশাকে পুরস্কৃত করেন আয়োজকেরা।

শিক্ষার্থীদের মধ্যে আইনি জ্ঞান ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ