হারিয়ে যাওয়ার পর মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন মালিকরা। তবে পুলিশের প্রযুক্তিগত অনুসন্ধানে একে একে উদ্ধার হয়েছে তাদের হারানো ফোন। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশ বিভিন্ন সময়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আকবরশাহ থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে হারানো মোবাইল ফোন উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়। প্রযুক্তিগত অনুসন্ধান ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আকবরশাহ থানায় কর্মরত এএসআই মিঠন চন্দ্র ঘোষ।
মঙ্গলবার থানায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবু এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মধ্যে আনন্দ দেখা যায়। তারা আকবরশাহ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, এক মাসে ১০টি মোবাইল ফোন উদ্ধার করা পুলিশের জন্য বড় সফলতা। চট্টগ্রামে যাদের মোবাইল ফোন হারিয়ে গেছে, তাদের দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।














