১৮ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় টানেল মোড়ে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ জনের অধিক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ৬টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১টি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৭টা ৩০ মিনিটের দিকে টানেল দিয়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি মাজার ১নং ওয়ার্ডের সতিশ মাস্টারের বাড়ির পলি দত্ত (৩০) এবং ঝিওরি দক্ষিণ পাড়ার জগদীশ বসুর বাড়ির ইফা শীল (৪০)। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল মোড়ের গোলচত্বরের পূর্ব পাশে যাত্রীর অপেক্ষায় একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোসহ সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়ে। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কাছে ১০ জন আহতের তথ্য রয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধারে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত রোগীর সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে আমরা তথ্য সংগ্রহ করছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন