৪ নভেম্বর ২০২৬

আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম শুরু

আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।

গত সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ এলিট আই কেয়ারে প্রথম ধাপে ৫৫ জন নারী-পুরুষের ছানি অপারেশন করা হয়। পর্যায়ক্রমে নির্বাচিত ২৫০ জন রোগীর অপারেশন সম্পন্ন করা হবে।

এ সময় রোগীদের মাদরাসা আরবিয়া খাইরিয়া থেকে পরিচালিত আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চশমা, ওষুধ, যাতায়াত ও খাবার ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার পরুয়াপাড়া খাইরিয়া হাসপাতালে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজারেরও অধিক অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ২৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

উপজেলার প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতা ও ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক সময় চোখের রোগ নিয়ে উদাসীন থাকে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে ছানি অপারেশনের জন্য রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করে। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত অসহায় রোগীরা।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সুহাইল সালেহ জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়েছে। এটি দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হবে। মূলত চক্ষু চিকিৎসা সেবা দিয়ে জটিল রোগী যাচাই করে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ