৪ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ: পূর্বে টিকিট কাটা পর্যটকরাই ভ্রমণ করতে পারবেন

দিনভর নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার কক্সবাজার থেকে একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার অনুমতি প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। ইতিমধ্যে যারা বৃহস্পতিবারের জাহাজের টিকিট সংগ্রহ করেছেন, তাদের সবাই ‘এমভি বার আউলিয়া’ নামের এই জাহাজযোগে সেন্টমার্টিন যেতে পারবেন।

বুধবার রাত ১০টায় সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “জেলা প্রশাসক কিছুক্ষণ আগে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের জন্য সম্মতি প্রদান করেছেন। যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা একটি জাহাজে করে সেন্টমার্টিন যাবেন। অপর দু’টি জাহাজ পরদিন শুক্রবার থেকে চলাচল করবে।”

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান একই সময়ে জানান, ইতিমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাদের কথা বিবেচনা করেই বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাবে।

এর আগে বুধবার সকাল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল—সকল দাপ্তরিক অনুমোদন মিলায় বৃহস্পতিবার থেকে ৩টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে। এর ভিত্তিতে জাহাজ কর্তৃপক্ষ টিকিট বিক্রিও শুরু করেছিল। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫ শতাধিক টিকিট বিক্রি হলেও, সন্ধ্যা ৭টার দিকে ‘বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না’ বলে জানিয়েছিলেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

ওই সময় তিনি জানান, সরকারি সকল সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতির জন্য বুধবার সারাদিন প্রচেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সম্মতি মেলেনি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে যে ৩টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা দেওয়ার কথা ছিল, তা হচ্ছে না।

তবে পরবর্তীতে রাত ১০টায় একটি জাহাজ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

ইতিমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামের ৩টি জাহাজ। অনুমোদনপ্রাপ্ত এই ৩টি জাহাজের মোট ধারণক্ষমতা ২,২৯৮ জন। যার মধ্যে এমভি বার আউলিয়ার ৮৫০ জন, এমভি কর্ণফুলীর ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি মতে, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে এবং বেলা আড়াইটায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করে সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ঘাট থেকে যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ