২৫ অক্টোবর ২০২৬

আনোয়ারায় ভারী বর্ষণে বিপর্যস্ত এলাকায় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একাধিক ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় পানিবন্দী ও গৃহহীন মানুষ।

টানা তিন দিন ধরে একাধিক ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে হাজারের অধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলার রায়পুর, জুঁইদণ্ডী, বৈরাগ, চাতরী এবং পরৈকোড়া ইউনিয়নসহ পানিবন্দী অসহায় ও গৃহহীন মানুষের ঘরে ঘরে গিয়ে এই শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দীন এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

ত্রাণ বিতরণকালে দীপক ত্রিপুরা জানান, অতিবৃষ্টির কারণে উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন