১৮ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে স্থানীয় ও সহকর্মীরা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার জ্যেষ্ঠ ছেলে। তিনি করিমপুর এলাকার ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও ফার্মে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে রাত ৯টার দিকে স্থানীয় ও সহকর্মীদের নজরে এলে তাঁকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মুহরম আলী নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তবে রোগীর স্বজনেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেও তিনি কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে, পথেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ