তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহারের জ্ঞান অর্জন জরুরি বলে মন্তব্য করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে তথ্যপ্রযুক্তির সহায়ক মাধ্যম হিসেবে এআই বর্তমানে বেশ জনপ্রিয়। এআই টুলস ব্যবহার করে তরুণেরা অনেক জটিল প্রকল্পও সহজে সম্পন্ন করতে পারছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে এআই ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে আয়োজিত এআই ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


লায়ন্স জেলা গভর্নর আরও বলেন, এআই এখন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গেছে। প্রতিদিনের বিভিন্ন কাজে এর ব্যবহারও বাড়ছে। নতুন প্রজন্মকে এ বিষয়ে ধারণা দেওয়ার উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সার্টিফায়েড এআই অ্যানালিস্ট প্রফেশনাল মোহাম্মদ ফয়সাল ওয়াহিদ, প্রকৌশলী লায়ন মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বন্ধন লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরী।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী। বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়েরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন জাহাঙ্গীর মিয়া, বন্ধন লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও ক্লাবের উপদেষ্টা লায়ন মো. পারভেজ, সহ-উপদেষ্টা লায়ন মনির হোসেন বাপ্পি, লিও মাল্টিপল ডিস্ট্রিক্টের কোষাধ্যক্ষ অভি আলম তুহিন, লিও জেলা সহসভাপতি মোহাম্মদ রাফিদ আহনাফ, বন্ধন লিও ক্লাবের সদ্য সাবেক সভাপতি এনামুল হক জুয়েল, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।














