চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাতরী, বৈরাগ এবং রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ শিল্পপতি মোহাম্মদ শাহেদ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিতরণকালে তিনি বলেন, “আমি এই আনোয়ারার সন্তান হিসেবে এই দুর্যোগকালীন সময়ে সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। অতিবৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার উপজেলার মানুষের যে কোনো বিপদে আমি পাশে থেকে সহযোগিতা করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে এলে আমি সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। গত দুই দিনে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় রেহেনা-সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।”
দীর্ঘদিন ধরে আনোয়ারায় সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মা-বাবার নামে প্রতিষ্ঠিত রেহেনা-সিরাজ মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
কার্যক্রমের ধারাবাহিকতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে দেখতে চান আনোয়ারার মানুষ। ইতোমধ্যে তিনি আনোয়ারা উপজেলার উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে আনোয়ারাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।














