২৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক নেতৃত্ব প্রশিক্ষণ ‘সেইল-২০২৬’ সম্পন্ন করলেন জেসিআই চট্টগ্রামের মইন উদ্দিন নাহিদ

জেসিআই বাংলাদেশের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি সাউথ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ (সেইল-২০২৬) সফলভাবে সম্পন্ন করেছেন জেসিআই চট্টগ্রাম-২০২৬-এর সেক্রেটারি জেনারেল মইন উদ্দিন নাহিদ।

গত ৪ থেকে ৬ জুলাই অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক নেতৃত্ব একাডেমিতে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই নেতৃবৃন্দ ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে গ্র্যাজুয়েট হন মইন উদ্দিন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই ওয়ার্ল্ড প্রেসিডেন্ট আলেহান্দ্রা কাস্তিয়ো। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার জাতীয় সভাপতি (ন্যাশনাল প্রেসিডেন্ট) এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই নেতারা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি আরফিন রাফি আহমেদ। পুরো একাডেমির ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান সাহেদ। তাঁর পরিকল্পনা, সমন্বয় ও দক্ষ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের এই নেতৃত্ব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়।

একাডেমিতে নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, সংগঠন পরিচালনা, কার্যকর যোগাযোগ, দল পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্বখ্যাত জেসিআই প্রশিক্ষকরা। তাঁদের মধ্যে ছিলেন ২০০৬ সালের জেসিআই ওয়ার্ল্ড প্রেসিডেন্ট, জেসিআই ট্রেনিং মেন্টর এবং বি বেটার একাডেমি-এর প্রতিষ্ঠাতা লার্স হাজসলুন্ড; জেসিআই ট্রেনিং মেন্টর, কনকর্ড গ্লোবাল সল্যুশনস-এর প্রেসিডেন্ট ও জেসিআই ফিলিপাইন্সের প্রধান প্রশিক্ষক গ্লিন্ডো দাসমারিনাস; এবং জেসিআই ট্রেনিং মেন্টর, জেসিআই ইন্ডিয়ার সাবেক জাতীয় সভাপতি ও সাবেক জেসিআই ভাইস প্রেসিডেন্ট কে. ভি. রত্নম।

প্রশিক্ষণ শেষে প্রতিক্রিয়ায় মইন উদ্দিন নাহিদ বলেন, “সেইল-২০২৬ আমার নেতৃত্ব বিকাশের যাত্রায় একটি অনন্য অভিজ্ঞতা। বিশ্বের স্বনামধন্য প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমার চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জেসিআই চট্টগ্রামের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের কল্যাণে কাজে লাগাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বের আধুনিক কৌশল, উদ্ভাবনী চিন্তা ও কার্যকর ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জেসিআই বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেইল-২০২৬ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক এ নেতৃত্ব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে জেসিআই চট্টগ্রামের সেক্রেটারি জেনারেল মইন উদ্দিন নাহিদ ব্যক্তিগত নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশের তরুণ নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন। সংশ্লিষ্টদের আশা, তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জেসিআই চট্টগ্রামের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ নেতৃত্ব বিকাশে ইতিবাচক অবদান রাখবে।

আরও পড়ুন