৮ নভেম্বর ২০২৬

আবরার স্মরণে ঢাবিতে ছাত্রলীগের শোক র‌্যালি

বাংলাধারা ডেস্ক »

ছাত্রলীগের নেতা-কর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি করছে ছাত্রলীগ। 

আজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে শুরু হওয়া এই র‌্যালি ঢাবির মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে বুয়েট অভিমুখে যায়। র‌্যালিতে এই হত্যার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।

একইসঙ্গে শোক র‌্যালি করছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। র‌্যালির পাশাপাশি বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করেছে তারা। 

শোক র‌্যালিতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ব্যক্তির দায় কখনো সংগঠনের ওপর পড়া উচিৎ না। কারণ আমি ব্যক্তিগতভাবে যদি কোনো খারাপ কাজ করি, তাহলে সে দায় কিন্তু সংগঠন নেবে না। বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শিক সংগঠন। এখানে কোনো অপরাধীর জায়গা নেই।  ব্যক্তিগতভাবে কেউ অন্যায় করে থাকলে তার দায় তাকেই নিতে হবে।‘

গত রোববার ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

এর পর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন রাত ৩টার দিকে শেরে বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন সোমবার রাতে আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করলে ওই রাতেই হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ