বাংলাধারা ডেস্ক »
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকারসহ আওয়ামী লীগের সাবেক দুবারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে।
চলতি জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংসদে এই শোক প্রকাশ করা হয়। এটি চলতি সংসদের ষষ্ঠ ও বছরের প্রথম অধিবেশন।
প্রথমে মো. ইউনুস আলী চলমান একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ায় সংসদে শোক প্রস্তাব আনা হয়। পরে তিনিসহ অন্যান্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে।
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের একজন সাবেক সদস্য (এমপিএ) এবং তিনজন সাবেক এমপিকে হারিয়েছে সংসদ। তারা হলেন- সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) মো. আব্দুল কাদের, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, এবাদত হোসেন মণ্ডল এবং গুলজার আহমদ।
সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, সাবেক বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ বীর মুক্তিযোদ্ধা অজয় রায়, কবি ও স্থপতি রবিউল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনি, বীরাঙ্গনা রাহেলা বেগম, সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের মা সুফিয়া খন্দকার এবং সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের মা ফাতেমা খানমের মৃত্যুতেও এ সংসদ গভীর শোক প্রকাশ করছে।
এছাড়া তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তে, অস্ট্রেলিয়ার দাবানলে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সবার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
উত্থাপিত শোকপ্রস্তাব ছাড়াও যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তির নাম বাদ পড়ে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













