২৭ নভেম্বর ২০২৬

উন্নয়ন হতে হবে মানুষের কল্যাণে, প্রকল্পের ব্যয় দেখিয়ে নয়: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয়ের চেয়ে সাধারণ মানুষের জীবনে তার সুফল পৌঁছানোকে বেশি গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি ও বাস্তব অগ্রগতি নিশ্চিত করে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, অতীতে কিছু প্রকল্পে মাটি কাটা ও বনজঙ্গল পরিষ্কারের মতো কাজে বিপুল অর্থ ব্যয় করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের প্রকল্পের পরিবর্তে এলাকার বাস্তব চাহিদা ও মানুষের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা নিতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার এবং প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিশুদের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

কাপ্তাই লেককে ঘিরে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে লেকটিকে পর্যটন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করা সম্ভব। এজন্য লেকের নাব্যতা পুনরুদ্ধার, ভাসমান বসতবাড়ির বর্জ্য অপসারণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পানিদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও জনকল্যাণমুখী করার প্রত্যয় জানিয়ে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বোর্ডটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

পর্যটন খাতের বিকাশে রাঙামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজারের টেকনাফকে নিয়ে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণের চিন্তাভাবনার কথা জানান তিনি। এ পরিকল্পনার আওতায় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, স্থানীয় খাবার ও ফলমূল পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পর্যটনকেন্দ্র পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হবে। এতে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

এ সময় বক্তব্য দেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সভায় সেনাবাহিনী, বিজিবি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

আরও পড়ুন