অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে পরিচালিত রেস্তোরাঁগুলোর বিক্রয় তথ্য এবং দাখিল করা মূসক (ভ্যাট) রিটার্নে বড় ধরনের অসংগতির ইঙ্গিত পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিক গবেষণায় অনলাইন প্ল্যাটফর্মগুলোর তালিকায় প্রায় ৬ থেকে ৭ হাজার স্বতন্ত্র রেস্তোরাঁর অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান একই সঙ্গে একাধিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রয় ও ভ্যাট পরিশোধের তথ্য যাচাই করে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সংস্থাটি।
সম্প্রতি ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডকে পাঠানো অধিদপ্তরের একটি দাপ্তরিক চিঠিতে এসব তথ্য উঠে এসেছে। চিঠিতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারী রেস্তোরাঁগুলোর তথ্য সংগ্রহ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের গবেষণায় খাদ্য ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের সঙ্গে নিবন্ধিত রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করা হয়। এতে ফুডপান্ডার তালিকায় ৪ হাজার, ফুডির তালিকায় ৫ হাজার ৩৯৪ এবং পাঠাও ফুডের তালিকায় ৩ হাজার ৪৬৪টি প্রতিষ্ঠান পাওয়া গেছে। তবে একই রেস্তোরাঁ একাধিক প্ল্যাটফর্মে থাকায় সব মিলিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠানের সংখ্যা ৬ থেকে ৭ হাজার হতে পারে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের মধ্য থেকে ২৯টি রেস্তোরাঁকে নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ২০২৬ সালের আগস্ট মাসের মূসক দাখিলপত্র এবং রাজস্বসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিক্রির পরিমাণ সংশ্লিষ্ট মাসের মূসক দাখিলপত্রে প্রদর্শিত মোট বিক্রির চেয়েও বেশি।
অথচ মার্কেট স্টাডির তথ্য অনুযায়ী, একটি রেস্তোরাঁর সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি অনলাইনে হয়ে থাকে। বাকি ৯০ শতাংশ বিক্রি সরাসরি রেস্তোরাঁর আউটলেট থেকে হয়। সে হিসাবে অনলাইনে বিক্রির তথ্যই যদি মূসক দাখিলপত্রে প্রদর্শিত মোট বিক্রির চেয়ে বেশি হয়, তাহলে প্রকৃত বিক্রয় ও ঘোষিত বিক্রির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এ ধরনের অসংগতি শুধু ২৯টি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা নেই। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ৬ থেকে ৭ হাজার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। ফলে রেস্তোরাঁ খাতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের সরবরাহ করা তালিকা থেকে মূসক নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান শনাক্ত করে তালিকা তৈরি এবং তাদের নিবন্ধনের আওতায় আনা। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের বিক্রয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মূসক দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে দেখা এবং বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া বর্তমান সময়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রির হিসাব নিরূপণ করে তার ভিত্তিতে রাজস্ব আদায় নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অনলাইন বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ খাতে লেনদেনের পরিমাণ বাড়লেও সব প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য যথাযথভাবে করের আওতায় আসছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। এনবিআরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনলাইন ফুড ডেলিভারি খাতের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সম্ভাব্য কর ফাঁকির চিত্রও সামনে আসতে পারে।













