৮ নভেম্বর ২০২৬

এক ফোন কলে ডাক্তার যাবে রোগীর বাসায়! (ভিডিও)

রুবেল দাশ  »

অসুস্থ হলে রোগীকে ছুটে যেতে হয় হাসপাতালে। হাসপাতালে ভর্তি হলে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় পরিবার থেকে। অথচ অসুস্থ সময়ে পরিবার-পরিজনের সঙ্গই অনেক সময় রোগীর জন্য মহৌষধের মত কাজ করে। এই ভাবনাকে সামনে রেখেই চট্টগ্রামে অভিনব এক চিকিৎসা সেবা চালু করেছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া। এখন অসুস্থ হলে রোগীকে যেতে হবে না হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে। একটি ফোন কলে ডাক্তারই চলে আসবে রোগীর বাসায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হোম হসপিটাল নামক পেজের মাধ্যমে এ সেবা চালু করেছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। পেজে উল্লেখিত নাম্বারে কল দিয়ে রোগীর ঠিকানা জানিয়ে দিলে সাথে সাথেই ডাক্তার হাজির হবে রোগীর বাসায়। ডাক্তারের সাথে আরো থাকবে সহকারী ডাক্তার, নার্স ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার নমুনা কালেকশনের প্রয়োজনীয় ব্যবস্থা। বর্তমান সময়ে প্রায় সবকিছুই অনলাইন নির্ভর হওয়ায় করোনা মহামারীর এ সময়ে স্বাস্থ্যসেবাকেও অনলাইনে নিয়ে আসার জন্য এ উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানান হোম হসপিটালের প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

তিনি বাংলাধারাকে বলেন, উবার যদি অনলাইনে মানুষকে কাঙ্খিত স্থানে পৌঁছে দিতে পারে, ফুডপান্ডা যদি ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পারে তাহলে ডাক্তার কেন অনলাইনে যোগাযোগ করে রোগীর বাসায় যেতে পারবে না? করোনার কারণে মানুষ এখন নিজ বাসা থেকে বের হতে ভয় পায়। তাহলে ঘরে বসেই যদি সে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পায় তাহলে মন্দ কি।

জানা যায়, হোম হসপিটাল সার্ভিসে বর্তমানে সার্বক্ষণিক ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার নিযুক্ত রয়েছেন। দিন-রাত ২৪ ঘন্টা যেকোন সময়ে কল পেলেই তারা ছুটে যাচ্ছেন রোগীর বাসায়। এভাবে জরুরি ভিত্তিতে মানুষকে সেবা দিয়ে ডাক্তাররাও বেশ খুশি।

হোম হসপিটালে কাজ করা ডাক্তার সৈকত বড়ুয়া বাংলাধারাকে বলেন, মানব সেবার মহান ব্রত নিয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি। রাত-দিন যখনই হোক আমরা রোগীদের সেবা দিতে বদ্ধ পরিকর।

এদিকে, একটি ফোন কলের মাধ্যমে নিজের ঘরে এভাবে বিশেষজ্ঞ ডাক্তার পেয়ে যারপরনাই খুশি রোগীরা। সেবায় সন্তুষ্ট হয়ে তারা জানালেন তাদের সন্তুষ্টির কথা।

হোম হসপিটালে বর্তমানে ৫টি সেবা পাওয়া যাচ্ছে। ডাক্তার, নার্স/ব্রাদার, মেডিকেল সরঞ্জাম, টেস্টের নমুনা সংগ্রহ ও এম্বুলেন্স সার্ভিস। বর্তমানে শুধু চট্টগ্রাম শহরের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ। তবে ভালো সাড়া পেলে বিভিন্ন উপজেলাতেও এ সার্ভিস চালু করার আশা আছে বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া ফেসবুকের পাশাপাশি ভবিষ্যতে এপসের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে বলে জানালেন হোম হসপিটালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ