জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিন সদস্যের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৮ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এ দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে।
অফিস আদেশ অনুযায়ী, এতদিন সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকারী মো. মোয়াজ্জেম হোসেনকে সদস্য (শুল্ক নিরীক্ষা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সদস্য (মুসক নিরীক্ষা) হিসেবে দায়িত্ব পালনকারী সৈয়দ মুসফিকুর রহমানকে সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, সংযুক্ত দায়িত্বে সদস্য হিসেবে কর্মরত মোহাম্মদ লুৎফর রহমানকে সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন দায়িত্ব পালন করবেন।
এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা, শুল্ক ও মূল্য সংযোজন কর (মুসক) ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ দপ্তরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলে জানা গেছে।














