কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় ঈদগাঁওয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন এবং চকরিয়ায় অটোরিকশা উল্টে একজনের মৃত্যু হয়েছে।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন ফকিরা বাজারের ভাবির দোকান এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জসিম উদ্দিন (৫৫), সাইফুল ইসলাম ও সাহাব উদ্দিন। জসিমের বাড়ি খুটাখালী, সাইফুলের বাড়ি বান্দরবানের লামা এবং সাহাব উদ্দিনের বাড়ি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায়। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সকাল ১০টার দিকে চকরিয়ার ঢেমুশিয়া-বদরখালী সড়কের কোনাখালী বাংলাবাজারের কাছে সড়কে দৌড়ে আসা একটি শিশুকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মোহাম্মদ হোসাইন সওদাগর (৩৪) নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
হোসাইন ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে। তিনি পেশায় মুদিদোকানি ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, অটোরিকশা উল্টে একজনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













