কক্সবাজারে ভোক্তা অধিকারবিরোধী অপরাধের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শহরের ঝাউতলা এলাকার ‘রান্নাঘর রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কক্সবাজার পৌরসভার বাহারছড়া বাজার ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ঝাউতলা এলাকার রান্নাঘর রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টটির খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের স্থান অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। ভোক্তা সুরক্ষায় অবহেলার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে পলাশ স্টোরকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মায়ের দোয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় কক্সবাজার জেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।














