বাংলাধারা ডেস্ক »
করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশসহ চীনে রোববার রাত পর্যন্ত (৯ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে ৯০৮ জনের মৃত্যু ঘটেছে।
করোনায় শুধু হুবেই প্রদেশেরই ২৭ হাজারের বেশি নাগরিক আক্রান্ত। আর চীনের অন্যান্য প্রদেশ ও বিশ্ব মিলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ৪০ হাজারের বেশি মানবদেহে। যার অধিকাংশই চীনা।
এ যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে হুবেই । শুধু যে মানুষের দেহে তা নয়, এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। কার্যত এখন অচল চীন।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার নতুন করে হুবেই প্রদেশে ৯১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে তার মধ্যে প্রদেশটির রাজধানী উহানে মারা যান ৭৩জন ।
প্রথমবারের মতো সিঙ্গাপুর প্রবাসী এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।৩৯ বছর বয়সী ওই প্রবাসী বাংলাদেশির শরীরে প্রথম এ ভাইরাসের লক্ষণ পাওয়া যায় গত ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি তিনি একটি ক্লিনিকে চিকিৎসকের শরণাপন্ন হন। ৫ ফেব্রুয়ারি তিনি ভর্তি হন চাংজি জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি।
দেশটির পত্রিকা স্ট্রেইট টাইমস জানায়, সিঙ্গাপুরেই অন্য কারও মাধ্যমে ওই বাংলাদেশির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছে।
সিঙ্গাপুর সরকারের বিবৃতিতে দেশটিতে নতুন করে ওই বাংলাদেশিসহ তিনজনকে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করার কথা জানানো হয়। তবে তাদের কারও সম্প্রতি বা এর আগে চীন সফরের কোনো রেকর্ড মেলেনি।
বাংলাদেশি যিনি আক্রান্ত তিনি সেখানে বসবাস করেন এবং আক্রান্ত হবার আগে মোস্তফা সেন্টারে(মিনি ইন্ডিয়া) গিয়েছিলেন বলে খবরে বলা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













