১৬ সেপ্টেম্বর ২০২৬

কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ এবং পূর্ববিরোধের জেরে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঘটনার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তোহাকে এলোপাতাড়ি মারধর করে এবং লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মোহাম্মদ তোহা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন