১২ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বাংলাধারা ডেস্ক »

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার কোমাল্লা গ্রামে ‘বন্দুকযুদ্ধে’র এই ঘটনা ঘটে জানিয়ে পুলিশ বলছে, নিহত তিনজনই ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তত পাঁচটি করে মামলা রয়েছে।

নিহতরা হলেন— কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের বাবুল ওরফে তরকারি বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল ওরফে আছাদুল (২৭) ও বুড়িচং উপজেলার জগতপুর পুর্বপাড়া এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খাঁন জানান, কোমাল্লা গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সেখানে যৌথভাবে অভিযান চালায় ডিবি ও বুড়িচং থানা পুলিশ।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলির এক পর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন