১২ নভেম্বর ২০২৬

চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের চন্দনাইশে গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আহমদ ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দিঘীর পাড় এলাকার বাসিন্দা। সে স্থানীয় সিএনজিচালক মোহাম্মদ সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ছিল শেখ আহমদ। এ সময় অসাবধানতাবশত গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

তেঁতুল পাড়তে গিয়ে মাত্র ১৩ বছর বয়সী কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন