বাংলাধারা ডেস্ক »
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য এর কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এর প্রতিবাদে শনিবার ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করেছে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যটি ভেঙে ফেলেছে। ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কুষ্টিয়া পৌরসভা নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে শাপলার ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত নেয়। নিচের দিকে থাকবে জাতীয় চার নেতার মুর্যাল। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। ১৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ভেঙ্গে ফেলা ভাস্কর্যটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার, যার তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছিল।
কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর













