শ্রাবণের মাঝামাঝি সময়ে এসে চট্টগ্রামসহ দেশের কয়েক বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজধানীতে বৃষ্টির তেমন কোনো সম্ভবনা নেই বলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
আজ বুধবার তিনি বলেন, ‘উপকূল অঞ্চলসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে বৃষ্টিপাত হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। তবে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই।’
এদিকে, পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপের ফলে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালের সর্বশেষ আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য বলা হয়।
তাতে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশর উপকূলীয় এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বন্দরে সতর্কতা সংকেত ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলে নির্দেশনাও দেওয়া হয়।














