২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে কড়া নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর বোর্ডটির অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন রয়েছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম।

বোর্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।

নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, নগরীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সিএমপি সদর দপ্তর থেকে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোটা, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সভা-সমাবেশ, মিছিল, স্লোগান, গান-বাজনা, মাইক বা লাউডস্পিকার ব্যবহারসহ যেকোনো শব্দদূষণমূলক কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুন