বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা।
প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ এবং সমমনা আইনজীবী সংসদ নামে তিনটি প্যানেলে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল, আইনজীবী ঐক্য পরিষদ হলো বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল এবং সমমনা আইনজীবী সংসদ প্যানেল হলো ২০০৫ সালে সমন্বয় পরিষদ থেকে বের হয়ে আসা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন (এএইচএম জিয়াউদ্দিন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুস সাত্তার সারোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমমনা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুখ ও সাধারণ সম্পাদক পদে তৌহিদুল মুনির চৌধুরী টিপু।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সম্পাদকীয় ৯টি ও নির্বাহী সদস্যের ১০টি পদ রয়েছে। এবার মোট ১৯ পদে প্রার্থী হয়েছেন ৪২ জন। সম্পাদকীয় পদে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন ও নির্বাহী সদস্য পদে প্রার্থী ২০ জন। এবার সমিতিতে প্রায় সাড়ে ৪ হাজার ভোটার রয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













