২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল গেটে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাথলেট হিসেবেও পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বিভাগের ব্যানার টাঙানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। আরিফের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও পরিচিতরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই ছোট ভাইটি রবের ডাকে সাড়া দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তিনি জানান, তিনি এবং চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন।

এদিকে আরিফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়। এক শোকবার্তায় তারা আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের এ শোক ধৈর্যের সঙ্গে কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আরও পড়ুন