৮ অক্টোবর ২০২৬

চোখের যত্নে সচেতনতার আহ্বান, চট্টগ্রাম চক্ষু হাসপাতালে র‌্যালি

‘আপনার চোখকে ভালোবাসুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে (সিইআইটিসি) বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় র‌্যালিটির উদ্বোধন করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম। র‌্যালিতে হাসপাতালের চিকিৎসক, অপটোমেট্রি, প্যারামেডিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, আইসিওর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, চিফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, কনসালটেন্ট ডা. তাহমিনা আক্তারসহ হাসপাতালের সংশ্লিষ্টরা।

র‌্যালিটি হাসপাতালের বিভিন্ন স্থান, বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ প্রদক্ষিণ করে মূল চত্বরে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধনকালে সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম বলেন, “চোখ আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শুধু বিশ্ব দৃষ্টি দিবসের একটি দিনের স্লোগান নয়, সারা বছরই চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, চোখের ছোটখাটো সমস্যাকেও অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়েও সচেতন করতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা এবং দৃষ্টিজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, ‘দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা গেলে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।’

তিনি আরও বলেন, চোখের সামান্য সমস্যাও অবহেলা করলে তা দৃষ্টিশক্তি দুর্বল করার পাশাপাশি কখনো কখনো অন্ধত্বের কারণ হতে পারে। চোখ সুস্থ রাখতে সুষম খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

দিবসটি উপলক্ষে হাসপাতালে আসা রোগীদের মাঝেও চোখের যত্ন ও চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক তথ্য দেওয়া হয়। পাশাপাশি চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি রক্ষায় করণীয় বিষয়ে গণসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন