৮ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো শিশুর অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরোনো জাহাজভাঙা কারখানার দক্ষিণ-পশ্চিম পাশের উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানিতে একটি অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ পুলিশকে জানান। খবর পেয়ে বিকেলে গাউছিয়া কমিটির একটি দল মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশের ধারণা, শিশুটির মরদেহটি প্রায় ৭ থেকে ৮ দিন আগের হতে পারে। তবে শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কুমিরা নৌ পুলিশের পরিদর্শক মো. ছমিউদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাগর উপকূল থেকে অর্ধগলিত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক তিন বছর।

তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
শিশুটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন