জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম রিজিয়নাল কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ শাহেদকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে।
জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলু উশ শামসের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার, নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিমসহ আঞ্চলিক কাউন্সিলররা।
সভায় জেকেএ বাংলাদেশের চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদকে চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
পরে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদের গলায় জেকেএ’র টাই এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলু উশ শামস জেকেএর ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ বলেন, ‘চট্টগ্রামে কারাতেকে আরও সংগঠিত ও জনপ্রিয় করতে আমরা কাজ করব। নতুন দায়িত্বকে আমি শুধু সম্মানের বিষয় হিসেবে নয়, একটি দায়িত্ব হিসেবেও দেখছি। জেকেএর কার্যক্রম চট্টগ্রামের প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে। সাংগঠনিক কার্যক্রমও আরও গতিশীল করা হবে। দায়িত্ব পাওয়ার পর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করার লক্ষ্য রয়েছে।’
সভায় বক্তারা চট্টগ্রামে কারাতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিধি বাড়ানো, নতুন খেলোয়াড় তৈরি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।












