বাংলাধারা ডেস্ক »
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলকে গণসংবর্ধনা দেওয়া হবে। এ বিজয় গোটা জাতির। এবারই প্রথম আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। মন্ত্রিসভায় তাই জুনিয়র টাইগারদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে এই বিজয়কে আমরা সেলিব্রেট করব। আমরা আশা করছি তারা ফিরে এলে সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধামতো একটা সময়ে এই বিজয় সেলিব্রেট করার জন্য সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে তরুণ ক্রিকেটারদের এই দুর্দান্ত পারফরম্যান্স। বিশেষ করে ক্যাপ্টেন যে ম্যাচুইরিটি প্রদর্শন করেছেন, ৬ উইকেট যাওয়ার পর আমরাতো ভাবিইনি জিতব। তিনি যেভাবে দলকে বিজয়ের স্বর্ণদুয়ারে টেনে নিয়ে গেছেন সেটা অবশ্যই স্মরণীয় ঘটনা।
মন্ত্রী বলেন, এই যে ক্যাপ্টেন, তার বাড়ি বাংলাদেশের একদম রুরাল এরিয়ায়। সে রংপুর জেলার কুড়িগ্রামের সন্তান। দলে কুড়িগ্রাম ও পঞ্চগড়ের খেলোয়াড়ও আছেন। আমাদের বিকেএসপিতে তৃণমূলের যে প্রশিক্ষণটা হয় সেটা চমৎকার প্রশিক্ষণ। সেখান থেকেই নতুন নতুন ক্রিকেটার সৃষ্টি হয়।
বাংলাধারা/এফএস/টিএম













