বাংলাধারা বিনোদন »
‘ন ডরাই’ ও ‘পাসওয়ার্ড’ দুটি সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। প্রথমটি বাংলাদেশের অন্যটি কলকাতা থেকে আমদানিকৃত। তবে দুটির মধ্যে মুক্তির জন্য ছাড়া পেয়েছে ‘ন ডরাই’ আর আটকে গেছে ‘পাসওয়ার্ড’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে ‘ন ডরাই’।
গতকাল (২৫ নভেম্বর) সোমবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড। সংলাপ নিয়ে বোর্ডের আপত্তি ছিল। সেটা সংশোধন করেই সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। তাই আগামী ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমাটি।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’। এই শব্দের অর্থ হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে। যা নারীদের উৎসাহিত করবে। ‘ন ডরাই’ পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।
এদিকে আগামী ২৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা কলকাতা থেকে আমদানিকৃত ‘পাসওয়ার্ড’-এর। যেটি আমদানি করেছে শাপলা মিডিয়া। কিন্তু মুক্তির জন্য সিনেমাটি এখনো সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি।
চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে জানা গেছে, ‘পাসওয়ার্ড’ নামে গত ঈদুল ফিতরে এসকে ফিল্মস প্রযোজিত শাকিব খান ও বুবলী অভিনীত একটি ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একই নামে আরেকটি ছবি মুক্তির নিয়ম নেই। তবে এই সমস্যা সমাধানযোগ্য।
সেন্সর বোর্ড থেকে শাপলা মিডিয়াকে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। সেখানে ‘পাসওয়ার্ড’-এর নামের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। উপযুক্ত উত্তর পেলে সেন্সর বোর্ড বিষয়টি আমলে নিয়ে ছাড়পত্র দেবে। যেহেতু এর আগে সিনেমাটি তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে গেছে।
‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছেন কমলেশ্বর মুখার্জি। এতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার দেব ও রুক্সিনী। আছেন পরমব্রত, পাওলি দাম ও আদৃত। সিনেমাটি প্রযোজনা করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













