২৩ সেপ্টেম্বর ২০২৬

ছিল মদের কারখানা, এখন হচ্ছে পাঠশালা

আনোয়ারা প্রতিনিধি »

এক সময় ছিল মাদক ব্যবসা ও সেবনের আস্তানা। আনোয়ারা উপজেলার পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবন দখল করে মাদক কারবারি পাইক্কনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন জমজমাট মাদকের ব্যবসা। এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে বয়ষ্করাও সেখানে মদ ক্রয় ও সেবনও করতো। কিন্তু অবশেষে সেই আস্তানা ঠিকে থাকলো না। সেখানেই তৈরি হচ্ছে বিদ্যালয়।

কয়েক মাস আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় পাইক্কনির মাদকের সেই আস্তানা। উদ্ধার করেন ৮০ শতক সরকারি ভূমি। আর সেই ভূমিতে প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর সহধর্মিনী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মা নুর নাহার জামানের নামে বিদ্যালয়।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করেছেন । শীঘ্রই বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ‘আনোয়ারায় ভাল মানের বিদ্যালয়ের অভাব রয়েছে। উপজেলা সদরের পাশে আমাদের রাজনৈতিক অভিবাবক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর মায়ের নামে একটি বিদ্যালয় স্থাপিত হলে আনোয়ারাবাসী অনেক উপকৃত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, ‘পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবনটি একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং কেনাবেচার আখড়ায় পরিণত করেছিল। আমরা কয়েক মাস আগে সেটি গুঁড়িয়ে দিয়ে সরকারি ৮০ শতক সরকারি জমি উদ্ধার করি। পরে সেখানে কী করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি। এক পর্যায়ে ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শের ভিত্তিতে সেখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। খুব শীঘ্রই সেখানে বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কাজ শুরু হবে।’

আরও পড়ুন