১৬ সেপ্টেম্বর ২০২৬

‎টানেল মোড়ে দুর্ঘটনায় গর্ভের সাত মাসের সন্তানকে বাঁচানো গেল না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা

‎চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী টানেল মোড়ে ঘটে যাওয়া গতকালের ভয়াবহ দুর্ঘটনায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন। ‎একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন কেইপিজেডের গার্মেন্টস নারী শ্রমিক সাত মাসের অন্তঃসত্বা কাউসার আক্তার। চট্টগ্রাম মেডিকেলে শুক্রবার ভোরে মৃত এক পুত্রসন্তান প্রসব করেন তিনি। সব চেষ্টা করেন চিকিৎসকরা। তবে চিকিৎসাধীন অবস্থায় এখনো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই নারী শ্রমিক।

‎আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে সেই নবজাতককে দাফন করা হয়।

‎পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর ধরে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করছেন কাউসার আক্তার। তাদের সংসারে মো. রাফি (১০) ও তাবাসসুম (৫) নামের দুটি কন্যাসন্তান রয়েছে। মায়ের আকস্মিক এই পরিণতিতে অবুঝ শিশু দুটিও এখন দিশেহারা।

‎কান্নাজড়িত কণ্ঠে কাউসারের স্বামী মোহাম্মদ আরিফ বলেন, দুর্ঘটনায় আমার স্ত্রীর মাথায় পায়ে প্রচণ্ড আঘাত হয়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে আশংকাজনক অবস্থায় নিয়ে আসা হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। অনেক চেষ্টা করেও গর্ভের সন্তানটি বাঁচানো গেল না, সবার কাছে দোয়া চাই যেনো সুস্থ হয়ে আমার স্ত্রী সন্তানদের কোলে ফিরে আসে।

আরও পড়ুন