রিটের পর আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে স্থগিতাদেশের তথ্য গোপন করে হাইকোর্টে আবারও রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী এক মাসের মধ্যে জরিমানার টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ওই অর্থ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা খরচ হিসেবে ব্যয় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে স্থগিত আদেশ চান। যা সরাসরি প্রতারণা।’
‘পরে আদালতে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত সন্তুষ্ট না হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে।’














