৮ নভেম্বর ২০২৬

নগরীতে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

সেনাবাহিনী, বন্দর ও কাস্টমস হাউসে নিয়োগ দেয়ার নাম করে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের খুলশিস্থ পিবিআই সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং-এ এই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতারের বিষয়িটি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলো, মো. রিপন সিকদার (৩০), আনোয়ারুল হোসেন প্রকাশ আতিক (৪৫) এবং মো. তোফাজ্জল হোসেন (৫৪)।

প্রেস ব্রিফিং-এ পিবিআই জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে সেনাবাহিনী, বন্দর ও কাস্টমস হাউসে নিয়োগ দেয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। গোপন অনুসন্ধানের ভিত্তিতে পিবিআই এই চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এরপর গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে এক ব্যক্তিকে এবং তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রামের পাঠানটুলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে আরো দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একাধিক ভুয়া নিয়োগপত্র, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশ্নপত্র ও উত্তরপত্র, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এই প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধারকৃত পেন ড্রাইভে অনুসন্ধান করে দেখা গেছে, চক্রটি ২০১৫ সাল থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগের কথা বলে দেশের বিভিন্নস্থান থেকে লোক সংগ্রহ করে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এই কাজগুলো সুচারুভাবে করতে তারা নিজেরাই বিভিন্ন পদের জন্য ভুয়া প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, পুলিশ ভেরিফিকেশন, নিয়োগপত্র বানিয়ে হোটেলে এনে নিয়োগ প্রার্থীর পরীক্ষা নেয়। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পর তারা প্রার্থীদের ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিয়ে গা ঢাকা দেয়।

এ যাবত চক্রটি ২৩ জনের চট্টগ্রাম কাস্টমস হাউসের নিয়োগপত্র, ২০ জনের পুলিশ ক্লিয়ারেন্সপত্র, ২১ জনের বিভিন্ন কোম্পানিতে নিয়োগপত্র, একজনের চট্টগ্রাম বন্দরে নিয়োগপত্র ও পুলিশ ক্লিয়ারেন্স, চারজনের বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপত্র ও ২৭ জনের এনবিআরে নিয়োগপত্র দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ