৮ নভেম্বর ২০২৬

নগরীতে বিআরটিএ’র অভিযান: চালকের দণ্ড, ৭ বাস মালিককে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক পরিচালিত এক অভিযানে এক বাসচালককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গণপরিবহন চালানোর অপরাধে আজ সোমবার নগরীর অক্সিজেন মোড়ে চট্টগ্রাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চালকের নাম মোঃ আবদুল জব্বার (৪০)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত মোঃ ইউনুস খানের ছেলে। তার লাইসেন্সটি ২০১৭ সালের আগস্ট মাসের ২৭ তারিখে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি ঐ লাইসেন্সটি নবায়ন না করেই নগরীর ৩ নং রুটে চট্টমেট্রো ছ ১১-১৪৩৭ নম্বরযুক্ত বাসটি চালিয়ে আসছিলেন। অর্থাৎ তিনি দুই বছরেরও বেশি সময় যাবত মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে বাস চালনা করে আসছিলেন। এ অপরাধে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তার কাছে লাইসেন্স কেন নবায়ন করেননি জানতে চাইলে তিনি জবাব দেন, সময়ের অভাবে তিনি লাইসেন্সটি নবায়ন করতে পারেননি।

এছাড়াও একই এলাকায় পরিচালিত অভিযানে গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেয়া, রুট পারমিট ছাড়া যানবাহন চালনো ও ফিটনেস না থাকার অপরাধে ৭টি বাসকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক চালককে ১ মাসের কারাদণ্ড এবং ৭ বাস মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ