চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো আশেকে রাসূলের সমাগম ঘটে। নবীপ্রেম, আত্মশুদ্ধি ও রূহানী জাগরণের বার্তা নিয়ে আয়োজিত এ কনফারেন্সে বক্তারা তরিক্বতের মাধ্যমে আল্লাহ ও রাসূল (দ.)-এর সন্তুষ্টি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রিয় রাসূল (দ.)-এর ভালোবাসা, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করাই তরিক্বতের অন্যতম লক্ষ্য। তাওয়াজ্জুহর মাধ্যমে মানুষের অন্তরে নবীজির নূরে বাতেন জাগ্রত হলে ঈমান ও আমল সুদৃঢ় হওয়ার পাশাপাশি একিন ও এখলাসে পূর্ণতা আসে।
তিনি বলেন, হারাম-হালালের পার্থক্য নিরূপণ, উদারতা, মহানুভবতা, বিনয় ও কোমলতার মাধ্যমে জীবন পরিচালনার শিক্ষা রয়েছে এ তরিক্বতে। দৈনিক দরূদ শরীফ পাঠ, ফয়েজে কুরআন, মোরাকাবা ও জিকিরে জলিসহ বিভিন্ন আমলের মাধ্যমে সুন্নাতের অনুশীলনকে গুরুত্ব দেওয়া হয়।
মোর্শেদে আজম আরও বলেন, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মশুদ্ধি ও নবীপ্রেমের চর্চা প্রয়োজন। বিশেষ করে যুবসমাজের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে তরিক্বতের ভূমিকা গুরুত্বপূর্ণ। আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব (দ.)-এর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মঞ্জিলে মকছুদে পৌঁছানোই এ তরিক্বতের মূল লক্ষ্য।
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে কনফারেন্সে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরীফের পীর হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ও মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হকসহ বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কোষাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রেজাউল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।
কনফারেন্সে আরও বক্তব্য দেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ কারিমুল মওলা।
পরে মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)-এর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম।













