সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার উন্নয়ন (এমদাদিয়া) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব লায়ন মনিরুল ইসলাম ইউসুফ। একই অনুষ্ঠানে বিরোধ নিরসনে উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি’র উপস্থিতিতে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনের পর সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মাদরাসার মহাপরিচালক মাওলানা জাফরুল্লাহ নিজামীকে সাধারণ সম্পাদক এবং তেমুহানি মোহাম্মদিয়া আজীজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দীনকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। বৈঠক শেষে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়।
মজলিসে শূরার প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হামজার সভাপতিত্বে এবং হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরীর বিশেষ উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আশা ব্যক্ত করেন, লায়ন মনিরুল ইসলাম ইউছুফের দক্ষ নেতৃত্বে বিরোধের অবসান ঘটে মাদরাসায় শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার মুহতামিমবৃন্দ এবং এলাকার রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














