বাংলাধারা প্রতিবেদন »
চট্টগা্রম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রের ভূয়ষী প্রসংশা করে তাকে ফের মেয়র পদে চেয়ে মহানগর মহিলা দলের সভাপতির পদ থেকে বহিষ্কৃত হয়েছে চসিকের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
শনিবার (০৫ অক্টোবর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়, মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বাদশা ভারপ্রাপ্ত সভাপতি হিসেব দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, মনোয়ারা বেগম মনি চসিকে বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত শুক্রবার (৪ অক্টোবর) নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র পদে বর্তমান মেয়র আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আ জ ম নাছিরকে হাজার বছরের শ্রেষ্ঠ মেয়র আখ্যা দিয়ে তিনি বলেন, নাছির যদি নির্বাচিত না হন তবে তিনি অন্য মেয়রের অধীনে কাউন্সিলর হতে চান না।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিজ দলের বাইরেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদের শিরোনামে আসে মনির বক্তব্যটি। বিশেষ করে নগর বিএনপির শীর্ষ নেতৃত্ব ও মহিলা দলের ভেতর মনির দেওয়া এই বক্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
বাংলাধারা/এফএসএমআর













