বাংলাধারা প্রতিবেদন »
আলোচিত নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারের কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। কারণ ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল না থাকায় রবিবার ফেনী জেলা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।
জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের বলেন, কুমিল্লা কারাগারে অনেকগুলো কনডেম সেল রয়েছে। সেসব কনডেম সেল ফাঁকা থাকলে আসামিদের সেখানে স্থানান্তর করা হবে। সেখানে ফাঁকা না থাকলে কাশিমপুরসহ যেসব কেন্দ্রীয় কারাগারে কনডেম সেল ফাঁকা রয়েছে, সেখানে আসামিদের পাঠিয়ে দেয়া হবে।
তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামি যেসব সেলে রয়েছে, সেগুলোতে অন্য আসামিদেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে।
বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদের সংশ্লিষ্ট আইনের ৪(১)/৩০ ধারায় দেয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুত। আমরা আশা করছি- আগামী ২৯ অক্টোবরের (মঙ্গলবার) মধ্যে নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠাতে পারবো।
তিনি বলেন, ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।
বাংলাধারা/এফএস/টিএম













