১৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা, ভিডিও ‘ভাইরাল’

নোয়াখালীর বেগমগঞ্জে দুই ভাইয়ের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এক বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের লাকুড়িয়ার কান্দি গ্রামে পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের আনোয়ার উল্লার দুই ছেলে মজিব উল্যার ও প্রয়াত শরিফ উল্যার পরিবারের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছে।

এর মধ্যে বিরোধীয় জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে মঙ্গলবার দুই ভাইয়ের ছেলেমেয়েদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এ সময় মজিব উল্লার মেয়ে শারমিন চোখে আঘাত পান।

খবর পেয়ে বিকাল ৪টার দিকে পাশের গোপালপুর ইউনিয়েনের রসূলপুর গ্রাম থেকে শারমিনের স্বামী মো. ইস্রাফিল লোকজন নিয়ে চাচা শ্বশুর শরিফ উল্লার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলাকারীদের কয়েকজন মুখোশধারীও ছিলেন।

এ হামলার সময় বাড়ির সিসিক্যামেরায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের দুজনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র। তারা অস্ত্র তাক করে শরিফ উল্লার পরিবারের নারী-পুরুষ সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন। পরে লোকজন ভয় ফেয়ে ঘরে ঢুকে গেলে হামলাকারী শরিফ উল্লার বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।

রাতে এ ঘটনায় শরিফ উল্লার ছেলে মোবারক উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এলাকায় অভিযান চালিয়ে ইস্রাফিল, তার বাবা তোফায়েল আহমেদ ও শ্বশুর মজিব উল্লাকে গ্রেপ্তার করে।

এছাড়া অস্ত্র উদ্ধার এবং বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

আরও পড়ুন